ঢাকা, ১৩ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- খুলনা এবং চট্টগ্রামের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি বাস্তবে রূপ দিতে বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র: আনন্দবাজার অনলাইন।
এই আলোচনার অংশ হিসেবে গত দুদিন নয়াদিল্লিতে বৈঠক করেন বিপিডিপি এবং এনটিপিসির কর্মকর্তারা।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে জট কবে কাটবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য বিষয়গুলি নিয়ে যাতে অগ্রগতি ব্যাহত না হয় সে জন্য সক্রিয় সাউথ ব্লক।
গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরের সময় খুলনা এবং চট্টগ্রামের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে চূড়ান্ত কথা হয়েছিল। সেই অনুযায়ী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিপি) এবং এনটিপিসি মোট ১৩,২০০ কোটি টাকার বিদ্যুৎপ্রকল্প গড়ার ব্যাপারে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছিল।
এই উদ্যোগে গতি আনতে গত দু’দিন নয়াদিল্লিতে বৈঠক করেন বিপিডিপি এবং এনটিপিসির কর্মকর্তারা। সম্প্রতি বিপিডিপি এবং বাংলাদেশ পাওয়ার গ্রিড করপোরেশনের ১৩ জন কর্মকর্তা নয়াদিল্লিতে এসে শক্তিপ্রকল্প সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন।
বৈঠকে তাঁদের প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎপ্রকল্পগুলো নিয়ে পরিবেশের ছাড়পত্রও পাওয়া গিয়েছে বলে জানা গেছে।
বিপিডিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই চট্টগ্রামে প্রকল্পের স্থান চূড়ান্ত করে এনটিপিসিকে সমীক্ষা রিপোর্ট তৈরি করার জন্য আবেদন জানাবে তারা।









