ঢাকা, ০৭ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বিরোধী দলের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীনমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, মিথ্যা হোক সত্য হোক নানা কথা বলে খালেদা জিয়াসহ একটি শক্তি ষড়যন্ত্র করছে। এদের সঙ্গে মিলে গুটি কয়েক বুদ্ধিজীবীরাও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরকারের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করাই এদের মূল এজেন্ডা বলে অভিযোগ করেন তিনি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, দেশের ভেতরে একটি শক্তি ষড়যন্ত্র করছে। পদ্মা সেতু নিয়ে কি হয়েছে তা আজ একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশের একজন বিশিষ্ট ব্যক্তি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সেখানে বলেছেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। এটি চাইনিজ একটি কোম্পানির ষড়যন্ত্র।









