সিরাজগঞ্জ, ০২ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে সংস্কার কাজ দেখতে গিয়ে নৌকার খোটার আঘাতে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। তিনি শহরের একডালা মহল্লার মৃত জুড়ান আলীর স্ত্রী।
সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার মালিক জাহানারা বেগম শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে সংস্কার কাজে নিয়োজিত তার নিজস্ব নৌকার কাছে বসে ছিলেন। নৌকাটি হার্ডপয়েন্টের একটি ব্ল্লকের সাথে বাঁশের খোটা দিয়ে বাঁধা ছিল। প্রবল স্রোতে নৌকার খোটাটি উপড়ে গিয়ে সজোরে ওই বৃদ্ধা মহিলার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, বেলকুচিতে বন্যার পানিতে ডুবে রাকিবুল হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়ধুল গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে।
জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি বন্যার পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরে পানিতে তার মৃতদেহ ভেসে উঠে।









