ঢাকা ০২, (প্রাইম নিউজ বিডি ডটকম)- দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংকের ঋণেই পদ্মা সেতু নির্মাণ চাইছে বিএনপি। দলটি মনে করছে, এমনটা করতে পারলে তা বাংলাদেশের জন্য ভাল বৈ খারাপ হবে না।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি পদ্মাসেতু, দাতাসংস্থা ও দূর্নীতি–সরকারের এই ত্রিশঙ্কু পরিস্থিতিতে তাদের অবস্থান তুলে ধরে।
দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হলে তা দেশের জন্য ভাল হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক ছাড়া বিকল্প জায়গা থেকে কঠিন শর্তে ঋণের চুক্তি হলে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করবে।
বিশ্বব্যাংক ছাড়া বিকল্প কোন জায়গা থেকে সহজ শর্তে ঋণ পাওয়া সম্ভবও নয় বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।









