ঢাকা, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- মুক্তিযুদ্ধে বিশ্বাসী বিএনপি নেতাদের মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, আপনারা যেহেতু সাংবিধানিক ধারায় রাজনীতি করতে চান তাহলে ধ্বংসাত্মক রাজনীতির পথ পরিহার করে সংসদে আসুন। একই সঙ্গে আপনারা যদি জঙ্গিবাদীদের কাছ থেকে বের হয়ে আসেন তাহলে আমরা স্বাগত জানাবো।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত ‘সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, গণতন্ত্রের মূল চাবিকাঠি হচ্ছে সাংবিধানিক ও গণতান্ত্রিক দর্শন। তাই চক্রান্ত করে জনগণের মধ্যে বিভ্রান্ত না ছয়িয়ে সংবিধানের পথে আসুন।
তিনি বলেন, রাজপথে হরতালের নামে গাড়ীতে আগুন দিয়ে মানুষ হত্যা না করে সংসদে আসুন। সংসদে এসে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরুন।
সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ উল্লেখ করে তিনি বলেন, প্রধান বিরোধী দলের উচিত সংসদে গিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা। তারা যদি এই কাজটি করতে পারে তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন, বিরোধী দলের মূল কাজ হলো সরকারের ভুল ধরিয়ে দেয়া। সরকারকে পাহারা দেবে বিরোধী দল। তাহলে দেশে আরো অগ্রগতি হতো বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, আমরা যখন গণতন্ত্রের শৈশবে আছি, আজ যখন দেশে সাংবিধানিক ধারা ফিরে এসেছে তখন অনেক তৃতীয় ধারার কথা বলছেন।
দেশে কোন তৃতীয় বা চতুর্থ ধারা নেই দাবি করে তিনি বলেন, এদেশে একটাই ধারা। তা হচ্ছে জনগণের ধারা, মেহনতি মানুষ, কৃষক শ্রমিকের ধারা। এদেশে নতুন কোন ধারার কথা বলে লাভ নেই।
সংগঠনের সভাপতি আব্দুল গফুর আজাদের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী প্রমুখ বক্তব্য রাখেন।









