ঢাকা, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- সংবিধানের ১২৩ ধারা সংশোধনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার সংবিধানের ১২৩/৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ না ভেঙ্গেই নির্বাচন করতে চাইছে। তিনি বলেন, এটা বিশ্বের কোন সংসদীয় গণতান্ত্রিক দেশে (লন্ডন-ভারত) নেই।
নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘সংবিধানের ১২৩ ধারা সংশোধন করতে হবে। নইলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। যা কোনভাবেই আওয়ামী লীগ চাইবে না। বরং বিরোধী দলে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার নিজেকে ধরে রাখার সুযোগটাই নেবে তারা।’
জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের পাশ হওয়া বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন,“আজ একদলীয় সংসদে, একদলীয় বাজেট পাশ হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী গত বছরের বাজেটে কোন অর্জন নেই। তিনি বলেন, শেয়ার বাজার, রেল, পদ্মা সেতুসহ সর্বক্ষেত্রে দুর্নীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। রাজবন্দীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
মানবাধিকার লংঘন বাংলাদেশে এখন স্বীকৃত দাবি করে মওদুদ আহমেদ বলেন, মানবাধিকার নিয়ে মহাজোট সরকারের আমলে যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ হয়েছে তা উদ্বেগজনক।
সরকারের প্রভাবে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি করে তিনি বলেন, এজন্যই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের জামিন হচ্ছে না।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, সুপ্রিম কোর্টের আদেশ নস্যাৎ করতে আটক দলীয় নেতাদের জামিন দিচ্ছে না সরকার। তিনি বলেন, আটক নেতাদের নামে করা মামলা মিথ্যা বিষয়টি বুঝতে পেরেই সুপ্রিম কোর্ট জামিন দিয়েছেন। কিন্তু তাদের অন্য মিথ্যা মামলায় আটক দেখানো হচ্ছে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য রিভিউ পিটিশন করতে। তিনি বলেন, পূর্ণাঙ্গ রায়ই এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আমরা রিভিউ করে প্রমাণ করবো আদালতের পূর্ণাঙ্গ রায় ছাড়া সংবিধান সংশোধন অবৈধ।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান প্রমুখ বক্তৃতা করেন।









