ঢাকা, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি করতে খসড়া আর্থিক প্রস্তাবনা পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার সেতু ভবনে মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত দাতো সেরি সামি ভেলু যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনার কপি তুলে দেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, খসড়া প্রস্তাবনা যাচাই-বাছাই করা হবে। প্রথমে আমরা নিজেদের মধ্যে প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো। তারপর মালয়েশিয়ার সঙ্গে কথা বলবো।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রস্তাব বিবেচনা ও আলোচনায় জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে।
মালয়েশিয়ার প্রস্তাবে জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে সমঝোতায় পৌঁছানো গেলে শিগগিরই চূড়ান্ত চুক্তি সই করা সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।
বিশ্বব্যাংকের অর্থায়ন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বিষয়টির সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। মালয়েশিয়ার সরকারের সাথে সমঝোতার পর চূড়ান্ত চুক্তি সইয়ের আগ পর্যন্ত বিকল্প পথ খোলা রয়েছে। এখনো সমঝোতার দরজা বন্ধ হয়নি।
এরআগে গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে মালয়েশিয়ার সাথে পদ্মাসেতুতে অর্থায়নের বিষয়ে বাংলাদেশ সরকার একটি সমঝোতা স্মারক সই করে। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে দাতো সেরি সামি ভেলুর নেতৃত্বে এক প্রতিনিধিদল যোগাযোগমন্ত্রীর কাছে পদ্মাসেতুতে অর্থায়নের বিষয়ে ধারনা-প্রস্তাব দেয়।
এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক প্রকৌশলী সফিকুল ইসলামসহ সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









