ঢাকা ১৫ জুন প্রাইম নিউজ বিডি ডট কম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সৌদি আরব যাওয়ার দৃশ্য ধারণ করতে গিয়ে বিমান বন্দরে পুলিশের মারপিটের শিকার হয়েছেন এনটিভির সিনিয়র ক্যামেরা পারসন অজিত আইচ তাপস।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়ি বিমান বন্দরের ভিআইপি গেট দিয়ে ঢোকার সময় চিত্র ধারণ করতে গেলে দুই তিন জন পুলিশ তাপসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তার বুকে পিঠে, হাতে পায়ে সজোরে লাথি দিতে থাকে। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে পুলিশরা চলে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা বিমান বন্দরের সামনের মসজিদের রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তারা বলেন, এ ঘটনার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে।
এদিকে বিমান বন্দরে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি পুলিশকে আহ্বান জানাচ্ছি আরো সংযত আচরন করার জন্য।”
তিনি বলেন, “এটা সরকারের স্বৈরাচারী আচরণ কোনোমতেই গ্রহণযোগ্য নয়। জনগণই এর জবাব দেবে।”
তিনি অভিযোগ করে বলেন, “এর আগেও আমাদের বিমান বন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি স্ট্যাডিং কমিটির মেম্বারদেরও ঢুকতে দেওয়া হয়নি। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।”









