৩০ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে দু’দিনের সরকারি সফর শেষে আজ সকালে স্বদেশের উদ্দেশে দোহা ত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম-২০১২’র বার্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশে গত মঙ্গলবার তিনি দোহা আসেন। ফোরামে উদ্বোধনী অধিবেশনে পরিবর্তনের চ্যালেঞ্জের ওপর তিনি মূল বক্তব্য পেশ করেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দোহা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ইউসিফ আব্দুল্লাহ ফাখরো এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেন প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী আমীরি দেওয়ানে কাতারের ডেপুটি আমীর ও ক্রাউন প্রিন্স তামীম বিন হামাদ বিন খালিফা আল থানি’র সঙ্গে বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন। খবর-বাসস









