অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ০৯ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
দিন শেষে ডিএসই’তে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই’র সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৬৮ পয়েন্ট কমে ৪,৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর ফলে টানা বেশ কিছুদিন পর ডিএসই’র সাধারণ সূচক আবারো পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।
আজ ডিএসই’তে লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ১৩টির দাম, কমেছে ২৪৫টির আর অপরিবর্তিত আছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, জিপিএইচ ইস্পাত এবং আফতাব অটোমোবাইলস।









