বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি, ০৯ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোপালগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। জেলা বিএনপির কর্যালয় থেকে রাস্তায় মিছিল বের করতে চাইলে পুলিশ ওই মিছিলে বাঁধা দেয়।
জানা গেছে, আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সড়কের জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এইচ খান মঞ্জু গ্রুপের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে।
এসময় মিছিলটি অফিস গেটের সামনে যেতেই উপস্থিত পুলিশ তাদের বাঁধা দেয়। ফলে মিছিলটি রাস্তা বের হতে পারেনি।
এতে নেতাকর্মীরা সেখানেই বিক্ষোভ প্রদর্শন করে। বিএনপির এ কার্যালয়টিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান পিনুর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহামুদ কবীর, সাধারণ সম্পাদক এম মুনসুর আলী, দপ্তর সম্পাদক শাজাহান কবীর পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াউল কবীর বিল্পব, মুরাদ আলী খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বদরুল আলম নাসিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেকুজ্জান পলাশ প্রমুখ।









