সর্বশেষ »

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৪ মে

ঢাকা, ৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ করেছে। তাঁর বিরুদ্ধে ১৪ মে থেকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এদিকে একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল তৃতীয় দিনের মতো জেরা করে আসামিপক্ষ।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম সকালে শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, হূষিকেশ সাহা, মীর ইকবাল হোসেন, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম ও নূরজাহান মুক্তা সূচনা বক্তব্য উপস্থাপন করেন।  সাকা চৌধুরীর উপস্থিতিতে সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ একাত্তরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘটিত গণহত্যা, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী নানা অপরাধের সঙ্গে সাকা চৌধুরীর সম্পৃক্ততা প্রভৃতি বিষয় তুলে ধরে।
সাঈদীর বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা: ট্রাইব্যুনাল-১-এ বেলা দুইটার দিকে সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মো. হেলালউদ্দিনকে জেরা শুরু করে আসামিপক্ষ। আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম জানতে চান, সাঈদীর বিরুদ্ধে ১৭টি মামলার বিষয়ে তদন্ত সংস্থার কাছে পাঠানো পুলিশের বিভিন্ন সংস্থার প্রতিবেদনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নাম আছে কি না? জবাবে হেলালউদ্দিন বলেন, নাম নেই, তবে পদবি আছে। মিজানুলের এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, পর্যালোচনা করা ১৪টি বই তিনি প্রধান কৌঁসুলিকে দিয়েছেন।পরে মিজানুল একটি ওয়েবসাইটের প্রসঙ্গে তদন্ত কর্মকর্তাকে কয়েকটি প্রশ্ন করেন। বিকেল চারটার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়।
আলীমকে অব্যাহতির আবেদন: বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল তিনি এ আবেদন জানিয়ে যুক্তি উপস্থাপনের জন্য সময়ের আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য ৯ মে দিন ধার্য করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় শুনানি আজ: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষ তিনটি আবেদনের শুনানি করে। এর মধ্যে রয়েছে পাঁচজন অতিরিক্ত সাক্ষীর জবানবন্দি, আনুষ্ঠানিক অভিযোগে অন্তর্ভুক্তির দুটি আবেদন এবং অপরটি আনুষ্ঠানিক অভিযোগের কয়েকটি ভুল সংশোধনের আবেদন।
কাদের মোল্লাকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের ওপরে আসামিপক্ষ আজ মঙ্গলবার যুক্তি উপস্থাপন করবে।

 এই রিপোর্ট পড়েছেন  119 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-২:৪৯ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP