শাকিল আহম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতারমারি রেলক্রসিংয়ে আজ সোমবার দুপুরে রাস্তা পাড়াপাড়ের সময় ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক চালক, হেলপারসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার জানান, আজ সোমবার পীরগঞ্জ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী একটি ট্রাক বেলা পৌনে ১২ টায় ভাতারমারি রেলক্রসিংয়ে রাস্তা পাড় হচ্ছিল। ওই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৮ ডাইন লোকাল ট্রেনটি ট্রাকটিকে সজোড়ে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক চালক ইমাম আলী (৪০), হেলপার হাবিব (৩২) আহত হয়। একই সময় ট্রেনের ইঞ্জিনে থাকা যাত্রী সাহাদত, জাহেরুল, তরিকুল ট্রেন থেকে ছিটকে পড়ে আহত হয়। সংঘর্ষ দেখতে পেয়ে আরো প্রায় ২৫ জন যাত্রী আত্মরক্ষার জন্য ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হয়। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ও পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত ট্রাকটি ঘটনাস্থলে উল্টে পড়ে ছিল।









