ঢাকা, ৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে ভারতীয় কংগ্রেসের প্রবীণ নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্ত দ্বারা বিভক্ত হলেও অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, রীতি, মূল্যবোধ ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশার বন্ধনে আবদ্ধ। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনের রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। এই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাতে ঢাকায় আসেন প্রণব। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত এক অনন্য বন্ধন ও সম্পর্কের অংশীদার। আমি বিশ্বাস করি, আমাদের দুই দেশের জনগণের ভালবাসা, আস্থা ও বিশ্বাসের শক্ত ভিত্তির ওপর আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি আরো বলেন,আমি নিশ্চিত ভবিষ্যতে, আমরা এই সম্পর্কের ক্ষেত্রে মহত্বর উচ্চতা অর্জন করব। এই সম্পর্ক আমাদের অভিন্ন আকাঙ্খা ও ত্যাগের ফলে উদ্ভূত।
বক্তব্যের শুরুতেই প্রণব বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। রবীন্দ্র চর্চায় বাংলাদেশের শিল্পী ও সাহিত্যিকদের প্রশংসা করেন। দুই দেশের যৌথ উদ্যোগে নাট্যায়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তি নিকেতন ও বর্ধমানে এই রবীন্দ্র নাট্য উৎসবে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশগ্রহণ করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে গত বছর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। ২৫ বৈশাখ নোবেল বিজয়ী কবির জন্মদিনকে ঘিরে ঢাকায় এবারের অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্ধশত জন্মবার্ষিকীর যৌথ অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।









