স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বুয়েটের শিক্ষকরা।
আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে তারা এ ঘোষণা দেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের ১২ জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যায়।
প্রতিনিধি দলে ছিলেন- সমিতির সভাপতি প্রফেসর মুজিবুর রহমান, সহ-সভাপতি ড. মো. মাকসুদ হেলাল, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, কোষাধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।
জানা গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিশ দিনের বেশি সময় ধরে ভিসিবিরোধী আন্দোলন করছেন শিক্ষক সমিতির নেতারা। ফলে বিশ্ববিদ্যালয়টিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
বুয়েটের এই অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সন্ধ্যায় আন্দোলনকারীদের ডেকেছেন তার বাসভবনে।









