জাবি, ২৮ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মী ও সাধারন শিক্ষার্থীদের উপর তান্ডব চালিয়ে ১০ জনকে মারাত্বক ভাবে আহত করেছে ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবীরের আশীর্বাদপুষ্ট ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে সাংস্কৃতিক জোট। এর পর বিকাল সাড়ে তিনটায় প্রশাসনিক কর্মকর্তা সাবেক ছাত্রলীগ ক্যাডার নাহিদুর রহমানের নির্দেশে উপাচার্যের নিজস্ব বাহিনী হিসেবে পরিচিত ভিসিপন্থী ছাত্রলীগের নেতা শেখ শরীফুল ইসলাম, আশরাফুজ্জামান লিটন, মেহেদী হাসান সম্রাট, অর্ণব, ফেরদৌস, সাইফুল ইসলাম শাকিল, রিয়াজ, সকলের নেতৃত্বে শতাধিক ক্যাডার রড, লাঠি, পাইপ, চাপাতি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদের উপর হামলা করে। এ সময় তাকে বেদড়ক মারধোর করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ভিসি লীগের ক্যাডাররা প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে হামলা করে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে তারা পিটিয়ে আহত করে সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মঈন মুনতাসির কার্তিক, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাকিলা শারমিন, সুশান, সুদীপ, রাহাত, অর্নসহ আরো অনেককে। এর পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মীদের খুজে খুজে বের করে মারধোর করতে থাকে।
মারধর চলা কালীন সময়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও ক্যাম্পাসে অবস্থানরত তিন শতাধিক পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে। পরে গুরুতর আহতদের ৬ জনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
অন্যদিকে ভিসির পদত্যাগ দাবিতে তার ভবনের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। গত শুক্রবার উপাচার্যপন্থী ছাত্রলীগ কর্তৃক শিক্ষক সমাজের উপাচার্য প্রত্যাখান মঞ্চ ও ব্যানার পুড়িয়ে দেয়ার পর বেলা একটায় প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য বিতাড়ন মঞ্চে’র উদ্ধোধন করেন শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। একই সাথে উপাচার্যের নির্দেশে তার সময়ে নিয়োগ পাওয়া শিক্ষকরা অবস্থান করছেন উপাচার্য ভবনের পেছনের গেটে।
এদিকে শনিবার বেলা ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষক সমাজের উপাচার্য ভবন অবরোধ এখনো চলছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ইতিহাস বিভাগের আন্দোলকারী অধ্যাপক এটিএম আতিকুর রহমান।
শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, পুলিশ দিয়ে ক্যাম্পাস চলতে পারে না। ভিসিপন্থী শিক্ষক এবং তার লালিত ছাত্রলীগ দিয়ে যে হামলার ঘটনা ঘটেছে তা দ্বারা ভিসি দায়িত্ব পালনে ব্যর্থ তা ফের প্রমাণিত হলো।
গত শুক্রবার হামলাকারী এসব ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে পুলিশের উপস্থিতিতে শিক্ষক সমাজের নির্মিত ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ ভেঙ্গে ফেলে এবং সকল ব্যনার ফেস্টুন মঞ্চের সঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।









