স্বাস্থ্য ডেস্ক, ২৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – হলুদাভ রসাল ‘বেরি’ ফল খেলে বৃদ্ধ বয়সেও স্মৃতি ঠিক রাখা যায়। ফলটি দেখতে স্ট্রবেরি ও ব্লু-বেরির মতো।
যুক্তরাষ্ট্রের ব্রিগহাম অ্যান্ড উইমেনস হসপিটালের (বিডব্লিউএইচ) একদল গবেষক এ তথ্য প্রকাশ করেছেন।
গবেষকরা প্রতিবেদনে বলেছেন, হলুদাভ বেরি পরিমাণমতো খেতে থাকলে বয়স্ক নারীদের স্মৃতি ভোলার রোগ আড়াই বছরে কমিয়ে আনা যায়।
দীর্ঘদিন গবেষণার পর এই অনন্য ফলাফল পেয়েছেন দাবি করে ওই গবেষক দলের প্রধান এলিজাবেথ ডিভোর জানান, আর কোনো বেরি হলুদাভ বেরির মতো কাজ করে না। অন্য কোনো বেরি দীর্ঘ মাত্রায় স্মৃতি ধরে রাখতে সাহায্যে আসে না। দেখা গেছে, যেসব বয়স্ক নারী সপ্তাহের দুই অথবা তার বেশি হলুদাভ বেরি খেয়েছেন তাদের স্মৃতিভ্রম ভাব অনেকটা কমে এসেছে। এই প্রভাব পর্যায়ক্রমে খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে আসে।
এই গবেষণার জন্য ১ লাখ ২১ হাজার ৭শ’ বয়স্ক নারীর ওপর নজরদারি করা হয়। এই তালিকার বেশিরভাগ নারীর বয়স ছিল ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে।
এই গবেষণা কাজের জন্য ওই হাসপাতালে ভর্তি হওয়া স্মৃতিভ্রম নারীদের স্বাস্থ্য ও জীবনযাপনের ওপর ১৯৭৬ সাল পর্যন্ত তথ্য নিরীক্ষণ করা হয়। তা ছাড়া সেবিকাদের মাধ্যমে এই ধরনের রোগীদের লিপিবদ্ধ করানো ও খোঁজখবর নিয়েছেন গবেষকরা।
আমেরিকান নিউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড চাইল্ড নিউরোলজি সোসাইটি প্রকাশিত সংবাদপত্র অ্যানালস অব নিউরোলজিতে বৃহস্পতিবার এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জি নিউজ









