সর্বশেষ »

সরকারের ইঙ্গিতে বিশেষ বাহিনী গুম করেছে ইলিয়াসকে: মোশাররফ

ঢাকা, ২৬ এপ্রিল – এতোদিন আকারে-ইঙ্গিতে বললেও বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে রেফারেন্স টেনে বিএনপি দাবি করেছে, সরকারই তাদের দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে।

বিকেলে নয়াপল্টন কার্যালয়ের সামনে নবগঠিত ১৮ দলীয় জোট ঢাকা মহানগর শাখার এক বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা এ দাবি করে হুঁশিয়ারি দেন, ইলিয়াস আলীকে শনিবারের মধ্যে ফেরত পাওয়া না গেলে সরকার পতনে এক দফা আন্দোলন শুরু হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ধানমন্ডি সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা চাই ইলিয়াস আলী জীবিত অবস্থায় তার পরিবারের কাছে ফিরে আসুক। এজন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি অচিরেই জীবিত অবস্থায় ফিরে আসবেন আমরা সেই আশায় রয়েছি।’

তিনি আরো বলেন, সরকার ইলিয়াস আলীকে বের করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই তাকে খুঁজে বের করার নির্দেশা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতার সাথে এ বিষয়ে কাজ করে যাচ্ছে।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সৈয়দ আশরাফের বক্তব্যই প্রমাণ করে, এম ইলিয়াস আলী সরকারের কাছে রয়েছে।

অবিলম্বে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফেরত দেয়া এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় আলটিমেটাম শেষ হলে সরকার পতনে এক দফার আন্দোলন শুরু হবে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারই যে ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে, তা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রমাণ হয়ে গেছে। এজন্য এখন বলতে দ্বিধা নেই যে, এ ঘটনায় সরকার জড়িত।

তিনি বলেন, ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে জীবিত ফেরত সরকারকেই দিতে হবে। অন্যথায় শনিবারের পর কঠোর কর্মসূচি দেয়া হবে।

মির্জা ফখরুল আরো বলেন, দেশে এখন হত্যা, গুম আর ধর্ষণ ছাড়া কিছু নেই। দেশি-বিদেশি গণমাধ্যমে সরকারের বিশেষ বাহিনী কর্তৃক বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুমের সংবাদ প্রকাশিত হলেও সরকারের সেদিকে কোন নজর নেই।

তিনি বলেন, মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখান অনুযায়ী বর্তমান সরকারের সাড়ে তিন বছরে সারা দেশে অন্তত ১২৭ জন গুম হয়েছে। বিদেশি গণমাধ্যম বাংলাদেশকে একটি মৃত্যু উপত্যকা বলে সংবাদ পরিবেশন করছে। অথচ সরকার এটা বন্ধ করছে না।

ইলিয়াস আলীর গুমের ঘটনায় জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এসব সংবাদের পর আর বলতে কোন দ্বিধা নেই যে, সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে।

এজন্য ইলিয়াস আলী ও তার গাড়ির চালককে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দেয়ার দায়িত্ব সরকারের বলেও জানান তিনি।

সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দিন। অন্যথায় বেগম খালেদা জিয়ার দেয়া শনিবারের আলটিমেটামের পর আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের কেন্দ্রীয কার্যকরী পরিষদ সদস্য ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, হামিদুর রহমান আজাদ এমপি, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. সেলিম উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামীসহ ১৮ দলীয় জোটের নেতারা।

 এই রিপোর্ট পড়েছেন  1112 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৬ এপ্রিল , ২০১২. সময়-১১:০৪ pm | বাংলা- 13 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP